তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন করায় মালদ্বীপে দুই সাংবাদিককে কারাদণ্ড
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঘিরে প্রকাশিত একটি তথ্যচিত্র নিয়ে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের মুক্তির দাবি তুলেছে।
বুধবার আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন এই ঘটনায় কঠোর নিন্দা জানায়। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা কমিটি একে অনুসন্ধানী সাংবাদিকতাকে দমন করার শাস্তিমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছে।
অনলাইন সংবাদমাধ্যম ‘আধাধু’-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ শাহজান ও লিভান আলী নাসিরকে মঙ্গলবার রাজধানী মালের ফৌজদারি আদালত সাজা দেয়। এর মধ্যে শাহজানকে ১৫ দিনের এবং নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তবে প্রেসিডেন্ট মুইজ্জুর মুখপাত্র মোহাম্মদ হুসেইন শরীফ এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বিচার প্রক্রিয়াকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে তুলে ধরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার সূত্রপাত ‘আয়েশা’ নামের একটি তথ্যচিত্রকে ঘিরে। গত ২৮ মার্চ আধাধুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তথ্যচিত্রে এক নারী দাবি করেন, প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। যদিও প্রেসিডেন্ট মুইজ্জু এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।