গলাচিপায় দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় একটি বাড়ি থেকে দশম শ্রেণির ছাত্রী রাই কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় ব্যবসায়ী।
ঘটনার দিন সকালে প্রাইভেট পড়ে বাসায় ফিরে সে ঘরের দোতলায় ছোট ভাইকে পড়াতে যায়। প্রায় আধাঘণ্টা পর ছোট ভাইকে নিচে পাঠিয়ে দেয়। পরে নিচে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উপরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিলোন সিকদার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও তিনি জানান।