বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমসারা দেশমাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪

মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪

favicon
ভোরের আলো ডেস্ক:
মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা ওসমান গনি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ও যানবাহনে ভাঙচুর করেছেন।

বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় হামলার ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই ও জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।