আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আর্থিক খাতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করা জরুরি।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং’ সামিটে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আর্থিক খাতের সুশাসন ও প্রতিবেদন ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনা এখন দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ।
অর্থমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের দুর্বলতার কারণে নিয়ন্ত্রক ও তদারকি সংস্থাগুলো কার্যকারিতা হারিয়েছে, যার ফলে অডিট ও আর্থিক নজরদারি ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন দিয়ে অনেক কোম্পানি শেয়ারবাজারে প্রবেশ করেছে, ফলে ভালো কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংক ও বেসরকারি খাতে মূলধন ঘাটতি বাড়ছে, যা সমাধানে সঠিক মূল্যায়ন ও বাজারভিত্তিক মূল্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।