ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ আশপাশে বিজিবি মোতায়েন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবে। তারা মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তাও করবেন।
কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।