মঙ্গলবার , ২৬ মে ২০২৬
মঙ্গলবার , ২৬ মে ২০২৬
হোমজাতীয়অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন খাতে কিছু দুর্বৃত্ত সক্রিয় থাকলেও তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রতিটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসেও ভাড়ার তালিকা প্রদর্শন করা হচ্ছে। মোবাইল কোর্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে গন্তব্যে যেতে পারছেন। তবে কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা পরিবহনের নামসহ অভিযোগ করলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটার কারণে ভোগান্তিতে পড়েন। পাশাপাশি কিছু ক্ষেত্রে অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে।


কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সড়কে হাট বসানো না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত থাকলেও বাস্তব পরিস্থিতিতে কোথাও কোথাও সমস্যা তৈরি হচ্ছে। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হচ্ছে।


সব মিলিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার বিভিন্ন পর্যায়ে নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।