শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অঞ্চলটির ১৪টি দেশের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো এ সতর্কতা জারি করে।


ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তিত হতে পারে। এ কারণে অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো সময় হামলা বা বৈরী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জরুরি প্রয়োজনে দ্রুত আশ্রয় নেওয়ার জন্য নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানের অবস্থান আগে থেকেই জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সতর্কতাকে দুটি পর্যায়ে ভাগ করেছে। লেভেল-৩ সতর্কতায় রাখা হয়েছে বাহরাইন, ইসরায়েল, পশ্চিম তীর, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে। এসব দেশে ভ্রমণের আগে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।


অন্যদিকে লেভেল-৪ বা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনকে। এসব এলাকায় কোনোভাবেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।


বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। সাম্প্রতিক বিভিন্ন সামরিক হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে অঞ্চলটিতে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।