ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি হবে, আশাবাদী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঘনিষ্ঠ বন্ধু এবং দুই দেশের মধ্যে শিগগিরই একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্পের ভাষ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো এবং সেই সম্পর্ক দুই দেশের বাণিজ্য আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তবে একই সঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে এসেছে, যার ফলে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করতে উভয় দেশের জন্য গ্রহণযোগ্য একটি চুক্তি প্রয়োজন।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ভারতে চার দিনের সফর শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক কাঠামো এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান আলোচনার ভিত্তিতে আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বা পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পথ আরও সুগম হবে।