শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমজাতীয়এফডিআই প্রণোদনা নীতিমালা ২০২৬ অনুমোদন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়াও পাস

এফডিআই প্রণোদনা নীতিমালা ২০২৬ অনুমোদন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়াও পাস

favicon
ভোরের আলো ডেস্ক:
এফডিআই প্রণোদনা নীতিমালা ২০২৬ অনুমোদন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়াও পাস

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উত্থাপিত প্রস্তাবের আলোচনায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের বিদেশি বিনিয়োগ আকর্ষণে সম্পৃক্ত করতে এবং অর্থনীতিতে বিনিয়োগ প্রবাহ বাড়াতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সরকারের প্রত্যাশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে।

বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উত্থাপিত ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।

সংশোধনীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক কিংবা অলাভজনক কোম্পানি ও সংগঠন গঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অর্জন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এদিকে, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। সদস্যরা এ অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।