ট্রাম্পের ফোনালাপে নেতানিয়াহুকে সংঘাত থামানোর আহ্বান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
অ্যাক্সিওসের এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায়, আলোচনায় ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এখন সংঘাত বন্ধ করার সময় এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপের সময় নেতানিয়াহু বুঝতে পারেন যে, তেহরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রসর হতে ওয়াশিংটনকে তিনি আর বাধা দিতে পারবেন না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের উদ্দেশ্যে জেনেভা সফর করতে পারেন।
এক মার্কিন কর্মকর্তার বরাতে আরও বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নির্দিষ্ট শর্ত পূরণের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।
প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।