ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে পারে সংযুক্ত আরব আমিরাত: রয়টার্স
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ইরানের আটকে থাকা কয়েক বিলিয়ন ডলার অর্থ ছাড়তে রাজি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
একাধিক কূটনৈতিক ও আঞ্চলিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ার পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাও এগিয়ে চলছে। সেই আলোচনার অংশ হিসেবেই বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের বিষয়টি সামনে আসে।
সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন বিদেশি ব্যাংকে ইরানের কয়েক বিলিয়ন ডলার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আলোচনায় সেই অর্থ মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
রয়টার্সকে দুইটি আঞ্চলিক সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত প্রায় ১০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ছাড়তে রাজি হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৩ বিলিয়ন ডলারের বেশি হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। তবে অন্য সূত্রগুলোর মতে এই অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।