মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশ৪৮ ঘণ্টা পার হলেও সীমান্তে থাকা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

৪৮ ঘণ্টা পার হলেও সীমান্তে থাকা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

favicon
ভোরের আলো ডেস্ক:
৪৮ ঘণ্টা পার হলেও সীমান্তে থাকা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টায় সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও এখনো ফেরত নেয়নি বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নারী, শিশু ও পুরুষসহ ওই ৯ জন বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবির প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত না করে একতরফাভাবে পুশইন গ্রহণযোগ্য নয়।

এদিকে ৪৮ ঘণ্টা পার হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৯ জন চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা মানবিক কারণে তাদের খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ চলমান রয়েছে এবং সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।