রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বরাহুল গান্ধীর ‘আউটসাইডার’ কৌশল ঘিরে কংগ্রেসে বাড়ছে অসন্তোষ

রাহুল গান্ধীর ‘আউটসাইডার’ কৌশল ঘিরে কংগ্রেসে বাড়ছে অসন্তোষ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাহুল গান্ধীর ‘আউটসাইডার’ কৌশল ঘিরে কংগ্রেসে বাড়ছে অসন্তোষ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্ব ও সাংগঠনিক কৌশল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে দলীয় নেতৃত্বে ‘আউটসাইডার’ বা প্রচলিত সাংগঠনিক কাঠামোর বাইরে থেকে আসা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নিয়ে দলের ভেতরে অসন্তোষ বাড়ছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।


সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টির সাবেক নেতা ও দলিত অধিকারকর্মী রাজেন্দ্র পাল গৌতমকে উত্তরপ্রদেশে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এ আলোচনা আরও জোরালো হয়েছে। অনেক জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মনে করছেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংগঠনের ভেতরে হতাশা তৈরি হচ্ছে।


বিশ্লেষণে বলা হয়েছে, রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে এমন ব্যক্তিদের ওপর বেশি আস্থা রাখছেন, যারা প্রচলিত দলীয় কাঠামোর বাইরে থেকে রাজনীতিতে এসেছেন। এদের মধ্যে সাবেক আমলা, পেশাজীবী, গবেষক, কৌশলবিদ এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। রাহুলের ঘনিষ্ঠদের মতে, এই কৌশলের লক্ষ্য হলো পুরোনো সাংগঠনিক জটিলতা ও গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে নতুন নেতৃত্ব তৈরি করা।


তবে সমালোচকদের মতে, এতে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের অবমূল্যায়িত মনে করছেন। তাদের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে দলের পাশে থাকা নেতাদের পরিবর্তে ব্যক্তিগতভাবে রাহুলের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞ সংগঠক এবং নতুন প্রজন্মের দক্ষ নেতৃত্বের মধ্যে ভারসাম্য তৈরি করা। শুধুমাত্র নতুন মুখ কিংবা কেবল পুরোনো নেতৃত্ব— কোনোটিই এককভাবে দলকে পুনর্গঠনের জন্য যথেষ্ট নয়।


তাদের মতে, দলকে শক্তিশালী করতে সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের গ্রহণযোগ্যতা এবং নতুন চিন্তাধারার সমন্বয় প্রয়োজন। অন্যথায় নেতৃত্বের কৌশল নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ ভবিষ্যতে কংগ্রেসের রাজনৈতিক কার্যক্রমে আরও প্রভাব ফেলতে পারে।