সন্তানের হাতে মা খুন,সারারাত মরদেহের পাশে অবস্থান
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৭০) ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছোট ছেলে জাবের হোসেন (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বড় ভাই প্রবাসে থাকায় মা-ছেলে মিলে একই বাড়িতে বসবাস করতেন। মাদকের টাকার জন্য জাবের প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ কারণে তাকে তিন দিন ধরে ঘরে আটকে রাখা হয়েছিল।
রোববার রাতে ঘর থেকে বের হতে চাওয়ার সময় মা বাধা দিতে গেলে, জাবের ক্ষিপ্ত হয়ে দরজার হাতল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। হত্যার পর সারারাত মায়ের মরদেহের পাশেই বসে ছিল সে।
সোমবার সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেরকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের মাথায় জখম ও হাত ভাঙার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দরজার হাতল দিয়েই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। জাবেরের সৎ ভাই খলিলুল্লাহ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।