গ্যাস-বিদ্যুৎ দাম বাড়ছে না, শিল্পে সরবরাহ বাড়ানোর উদ্যোগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, সরকার বর্তমানে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না। দেশের গ্যাস সংকট থাকা সত্ত্বেও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ইতোমধ্যে ভোলায় ৫টি কূপ খননের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত ১০০টি এলএনজি কার্গো আমদানি করা হবে, যা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে শিল্প খাতে।
রমজান উপলক্ষে বরাদ্দকৃত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে এখন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ শিল্প কারখানায় সরবরাহ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে শিল্প খাতে অতিরিক্ত ২৫০ এমএমসিএফ গ্যাস সরবরাহ সম্ভব হবে।
তিনি আরও জানান, ২০২৫ সালের মধ্যে ১৫০টি নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে—২০২৪ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১০০টি। এসব কূপ থেকে প্রতিদিন অতিরিক্ত ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করছে সরকার।