ড্রোন শোয়ে শেখ হাসিনার ‘পালিয়ে যাওয়া’র প্রতীকী উপস্থাপন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’। রাত ১১টায় শুরু হওয়া এই শো চলে প্রায় ১২ মিনিট ধরে।
ড্রোন প্রদর্শনীতে মোট ১২টি থিম বা মোটিফ তুলে ধরা হয়। শো’র শুরুতেই আকাশে দেখা যায় একটি হাত, যেখানে একটি প্ল্যাকার্ডে লেখা ‘Do You Miss Me’। এরপর ভেসে উঠে শেখ হাসিনার প্রতীকী মুখাবয়ব, যা কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের ইঙ্গিত দেয়।
পরবর্তী দৃশ্যে দেখা যায় হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইমেজ। এরপরে একে একে ড্রোনের মাধ্যমে ভেসে উঠে বিভিন্ন বার্তা—
“আমরা জানি, ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনে পাড়ি দিতে হবে অনেক পথ; কিন্তু দুর্গম পথ বলে থামবো না আমরা বাংলাদেশ পক্ষের লোক”
“সবাই মিলেই আমরা গড়বো বাংলাদেশ ২.০”
এই ব্যতিক্রমী আয়োজন দেখতে রাজধানীবাসীসহ হাজারো মানুষ ভিড় জমায় মানিক মিয়া অ্যাভিনিউতে। পুরো শো জুড়ে দর্শকদের মধ্যে দেখা যায় গভীর মনোযোগ ও আবেগ।