বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৮ আগস্ট সরকারের শপথের বর্ষপূর্তি: স্বপ্ন কতটা বাস্তবায়িত?

৮ আগস্ট সরকারের শপথের বর্ষপূর্তি: স্বপ্ন কতটা বাস্তবায়িত?

favicon
অনলাইন সংস্করণ
৮ আগস্ট সরকারের শপথের বর্ষপূর্তি: স্বপ্ন কতটা বাস্তবায়িত?

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। এই অহিংস আন্দোলন দমনে সরকার বলপ্রয়োগ করে। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় অন্তত দেড় হাজার মানুষ। আন্দোলন রূপ নেয় এক গণ-অভ্যুত্থানে। ৫ আগস্ট দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এর মাত্র দুদিন পর, ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সন্ধ্যায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ হয়। এক বছর পার হলেও, যে স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব, এবং ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল হয়নি। রেমিট্যান্স প্রবাহ সচল থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।”


অন্যদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এক বছরের কর্মকাণ্ডের ভিত্তিতে সরকারের সফলতা নির্ধারণ করা উচিত নয়। বরং নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সদিচ্ছাই মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত।”


তিনি আরও বলেন, “দু-একটি মন্ত্রণালয়কে উদাহরণ হিসেবে ধরলে দেখা যায়, প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে শূন্য থেকে পুনর্গঠনের চেষ্টা চলছে। সরকার একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তুলতে কাজ করছে, যা ভবিষ্যতে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।”


তবে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এসব সংস্কার টেকসই হবে না বলেও মত দেন তিনি। তার মতে, “যেসব বিষয়ে ঐকমত্য গড়ে উঠবে, সেগুলো চুক্তির মাধ্যমে সংরক্ষিত হওয়া উচিত।”


তিনি আরও জানান, নির্বাচন, প্রশাসনিক সংস্কার ও বিচারব্যবস্থায় ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। এখন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।

পরিবেশ উপদেষ্টার ভাষ্যমতে, দায়িত্ব শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যাবেন।