গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে: তারেক রহমান
দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হবে। ধাপে ধাপে এই ভীতকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বর্তমানে যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তার ৯৯ শতাংশ বিষয়ই দুই বছর আগে বিএনপি ৩১ দফার মধ্যে প্রকাশ করেছে। আগামী নির্বাচনে বিএনপিই জনগণের পছন্দের শীর্ষে থাকবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।”
একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে। এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।”
ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দিকেই জনগণ তাকিয়ে আছে উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপির ৩১ দফার মধ্যেই জাতির সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে। এর মধ্যে স্বাস্থ্যখাত বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই শুধু ভোটাধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।