টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, ঢাকায় ৬০ ভ্রাম্যমাণ ট্রাক চালু
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার এবং সাধারণ জনগণের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আজ রোববার (১০ আগস্ট) থেকে শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্যক্রম ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) চলবে। প্রতিদিন প্রতিটি ট্রাকের মাধ্যমে ৫০০ জন সাধারণ মানুষ এসব পণ্য কিনতে পারবেন।
ঢাকার বাইরেও চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি এবং পটুয়াখালী ও বাগেরহাটে ৫টি করে ট্রাকে এই কার্যক্রম চলবে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার বাদে)।
পণ্যের নির্ধারিত মূল্য:
ভোজ্য তেল (২ লিটার): ২৩০ টাকা
চিনি (১ কেজি): ৮০ টাকা
মসুর ডাল (২ কেজি): ১৪০ টাকা
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা আগের নির্ধারিত ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন।