বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ১২ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস-আনোয়ার ইব্রাহিম বৈঠক, সই হবে ৫ সমঝোতা স্মারক

১২ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস-আনোয়ার ইব্রাহিম বৈঠক, সই হবে ৫ সমঝোতা স্মারক

favicon
অনলাইন সংস্করণ
১২ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস-আনোয়ার ইব্রাহিম বৈঠক, সই হবে ৫ সমঝোতা স্মারক

আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (১০ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রেস উইং জানিয়েছে, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়া ও আসিয়ান দেশগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানানো হবে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরা, বর্জ্য ব্যবস্থাপনা, ইলেকট্রিক যানবাহন উৎপাদন এবং শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে বাংলাদেশ সমুদ্রের ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করে, কিন্তু দেশের বিশাল ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকায় গভীর সমুদ্র মৎস্য আহরণ কার্যক্রম খুবই সীমিত। এ খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান জানানো হবে।

এছাড়া মালয়েশিয়ার প্রোটন হোল্ডিংয়ের সঙ্গে ইলেকট্রিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা, মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক এবং পেট্রোনাসের চেয়ারম্যানের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার আলোচনা হবে।


শ্রমবাজার ইস্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। সেখানে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, চাকরির মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধির বিষয়ে কথা হবে।


এছাড়া দুই দেশের পুলিশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রুত তথ্য যাচাই ও শেয়ার করার প্রক্রিয়া জোরদার করা হবে, যাতে মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।


প্রেস উইং আশা করছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ বাড়বে।