বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সভায় দুষ্কৃতিকারীদের হামলা, পুলিশের বাধা

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সভায় দুষ্কৃতিকারীদের হামলা, পুলিশের বাধা

favicon
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সভায় দুষ্কৃতিকারীদের হামলা, পুলিশের বাধা

বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্কে গত ২৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কনসুলেটের পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আজ এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।


তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কনসুলেট ভবনের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারা আমন্ত্রিত অতিথিদের ধাওয়া দেয় এবং সভায় অংশগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা চালায়। এমনকি অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে এবং পাশের একটি অফিসের কাঁচের দরজায় আঘাত করে ফাটল সৃষ্টি করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউইয়র্ক সিটি পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং কয়েকজন দুষ্কৃতিকারীকে আটক করে। এ সময় পুলিশ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে, যা পরবর্তীতে আইনগত ব্যবস্থায় ব্যবহৃত হবে।


তথ্যবিবরণীতে আরো বলা হয়, হামলাকারীরা অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা চালালেও তিনি নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং নির্বিঘ্নে আলোচনা, কুশল বিনিময় ও রাতের খাবার শেষে গন্তব্যে পৌঁছান।


কনসুলেট জেনারেল ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে।


মিশনের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রধান অতিথির সঙ্গে হামলাকারীদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি। তবে পরিকল্পিতভাবে ব্যর্থ হয়ে তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যের প্রতি কর্ণপাত না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।