সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষ হচ্ছে আজ, চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত শুনানি চলছে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের বিভিন্ন দাবি-আপত্তি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এ শুনানি পরিচালনা করছে।
সকালে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬ এবং পাবনা-১ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছিল। এসব নিষ্পত্তির জন্য গত রবিবার থেকে ধারাবাহিকভাবে শুনানি শুরু হয় এবং আজ তা শেষ হচ্ছে।
শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবেন।