ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ইসির ২৪ দফা রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে, এর মধ্যে আগামী নভেম্বরে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।
তিনি বলেন, “প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ মহিলা ভোটারের প্রস্তাবনা রাখা হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্ত করতে কাজ চলছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটি শেষ হবে এবং ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক ম্যাপ প্রকাশ করা হবে।”
ভোটের তফসিল নিয়ে আখতার আহমেদ জানান, ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম তফসিল ঘোষণার অন্তত ১৫ দিন আগে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, ইসির নিজস্ব চাহিদা নয়।
সিনিয়র সচিব আরও বলেন, এআই ও ভুয়া তথ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কমিশন ভোটারদের জন্য একটি নিশ্চিন্ত পরিবেশ তৈরিতে কাজ করছে।