জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান সিইসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচনকে ঘিরে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতিই বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়ত নিত্যনতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় নির্বাচন কমিশনারদের দায়িত্বশীলতা ও দক্ষতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এটি কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনসহ ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
এছাড়া, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “প্রত্যাশার তুলনায় ভোটার সংখ্যা এবার বেশি হতে পারে। বিশেষ করে প্রবাসীরা উচ্ছ্বাসের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।”