বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢামেকে নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড

ঢামেকে নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড

favicon
অনলাইন সংস্করণ
ঢামেকে নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, নুরুল হক নুরের নাকের হাড় ভেঙেছে, চোখের ওপরে আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আনার পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেক) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।


ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, রাতেই অ্যানেস্থেশিয়া, নাক-কান-গলা, নিউরোসার্জারি, চক্ষু এবং ক্যাজুয়ালটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ৪৮ ঘণ্টা না গেলে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, তা ওষুধে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।