নুরুল হক নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকের সময়সূচি অনুযায়ী, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন।