বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেতারা

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেতারা

favicon
অনলাইন সংস্করণ
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেতারা

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি নিয়ে আলোচনার জন্য প্রাথমিকের ছয়টি সংগঠনের ১২ জন নেতা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন।


শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি গাড়িতে করে তারা কার্যালয়ে পৌঁছান। আলোচনার পর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।


প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, প্রধান উপদেষ্টার দপ্তরের একটি প্রতিনিধিদল সমাবেশস্থল থেকে তাদের নিয়ে গেছে। আলোচনার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি জানানো হবে।


এর আগে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজিত এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থেকে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান।


শিক্ষকদের দাবিগুলো হলো—

১. সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ,

২. শতভাগ শিক্ষককে পদোন্নতি প্রদান,

৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে বেতন পান, আর সহকারী শিক্ষকেরা পান ১৩তম গ্রেডে।