বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এর অবস্থান ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা-ঝড়ো হাওয়া বইছে। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় গভীর নিম্নচাপের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।