আজ রাত থেকে শুরু মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এই সময়ে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযানে অংশ নেবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি চাল দেয়া হবে। তবে বরাদ্দ সঠিকভাবে পৌঁছাতে সুষ্ঠু তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা।
চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলেপল্লীতে লিফলেট বিতরণ, মাইকিংসহ ব্যাপক প্রচার কার্যক্রম চলছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, প্রজননের সময় সাগর থেকে ইলিশ পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীতে চলে আসে। এ সময়ে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে।