সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ নিহত, আহত ৬৮২
সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৭ জন এবং আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে। শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোট নিহতের মধ্যে পথচারী ছিলেন ১১২ জন (২৬.৮৫ শতাংশ) এবং চালক-সহকারী ছিলেন ৫৬ জন (১৩.৪২ শতাংশ)। নিহতদের মধ্যে ৪৯ জন শিক্ষার্থী, ১৮ জন ব্যবসায়ী, ৯ জন বিক্রয় প্রতিনিধি, ৭ জন শিক্ষক, ৬ জন রাজনৈতিক কর্মী এবং ৩ জন সাংবাদিকও রয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। এরপর চট্টগ্রামে ২৪ শতাংশ এবং রাজশাহীতে ১৮.৮৩ শতাংশ দুর্ঘটনা ঘটে। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশালে, যেখানে নিহত হয়েছেন ১৪ জন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি সেপ্টেম্বরে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার জন্য ১১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, অনির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।
দুর্ঘটনা কমাতে সংগঠনটি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে— দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন নিশ্চিত করা, মহাসড়কে সার্ভিস রোড তৈরি, রোড ডিভাইডার নির্মাণ এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা।