রবিবার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ
আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে দৃষ্টান্ত স্থাপন করতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে কারও কাছে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা সরিয়ে ফেলা হবে এবং পরিবর্তে কাগজের ব্যাগ দেয়া হবে। সচেতনতা তৈরির জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন স্থানে বোর্ড বসানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে মনিটরিং টিম কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রীপরিষদ বিভাগ সম্প্রতি সব মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সচিবালয়ে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট, চামচসহ একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব প্যাকেটে খাবার সরবরাহ করা হবে এবং প্রতিটি অফিসে বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে সচিবালয়কে এসইউপি-মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবেশ মন্ত্রণালয়।