মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষীর জেরা আজ তৃতীয় দিনে
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে শেষ সাক্ষীর জেরা আজ তৃতীয় দিনে গড়াবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী।
এর আগে, সোমবারও দিনভর তাকে জেরা করা হয়। জেরার এক পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে, তদন্ত কর্মকর্তা জানান—
“কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।”
তদন্ত কর্মকর্তা আরও জানান,
“জুলাই মাসে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র গোষ্ঠী ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে।”
মামলাটিতে এখন পর্যন্ত ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
শেষ সাক্ষীর জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছেন আদালত।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে,
“জুলাই গণহত্যায় জড়িত কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না।”
অন্যদিকে, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় আজ অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।