চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মরদেহ গ্রামে পৌঁছেছে, আজ জানাজা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মরদেহ নিজ গ্রাম হাটহাজারীর ফতেহপুরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো ফতেহপুর গ্রামে।
স্বজনরা জানিয়েছেন, আজ সকাল ১১টায় স্থানীয় ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং হার্টে রিং পরানোর কথা ছিল, কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন ড. তোফায়েল আহমেদ। তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।