প্রধান উপদেষ্টার শোক: স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান গবেষককে হারালো
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত ছিলেন। তিনি নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা প্রদান করেন।
প্রফেসর ইউনূস আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও লেখক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় তিনি আজীবন নিবেদিত ছিলেন। বাংলা ও ইংরেজি মিলিয়ে তাঁর প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত অসংখ্য গবেষণাপত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান জ্ঞানভাণ্ডার হিসেবে কাজ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধান উপদেষ্টা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।”
প্রফেসর ইউনূস মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০২৪ সালের অক্টোবরে তিনি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য এবং পরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।