বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে: প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, “নির্বাচনের ট্রেন ইতোমধ্যে ছেড়ে দিয়েছে, গ্রামাঞ্চলে গেলেই নির্বাচনী উত্তাপ অনুভূত হচ্ছে।”
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “মানুষ জানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সবাই তা ইতিবাচকভাবে নিচ্ছে। কনফিউশন কেবল কিছু তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে দেখা যাচ্ছে, যারা টেলিভিশনে এসে বাজার গরম করতে চান।”
প্রেস সচিব জানান, “ইতোমধ্যে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে প্রমাণ হয়, নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে।”