তুরস্কের সহায়তায় ইসরাইলের কারাগার থেকে শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে
ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় চেষ্টা চলছে, এমন তথ্য জানিয়েছে সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের উদ্যোগে শহিদুল আলমকে মুক্ত করার আলোচনা চলছে এবং আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানান।
আরও জানানো হয়, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক সংক্রান্ত ঘটনায় জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এসব দূতাবাস সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
উল্লেখ্য, ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ আটক করে ইসরাইল, যেখানে শহিদুল আলমসহ মোট ৯৩ জন যাত্রী ছিলেন।