সুষ্ঠু নির্বাচনে ডেনমার্কের সহযোগিতা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ডেনমার্কের কারিগরি ও সার্বিক সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। বৈঠকে জামায়াতের শীর্ষনেতা নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং ডেনমার্কের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।