বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। দুপুরে বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং পাট বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নেপালের রাষ্ট্রদূত জানান, বর্তমানে নেপালে ১১টি জুট মিল রয়েছে, যেগুলো কাঁচা পাটের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় এসব মিল উৎপাদন সমস্যায় পড়েছে। তিনি বাংলাদেশের কাছে কাঁচা পাট রপ্তানির অনুমতি শিথিলের অনুরোধ জানান।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পাটপণ্য ও কাঁচা পাটের চাহিদা রয়েছে। বাংলাদেশ এখন কাঁচা পাটের বদলে সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল যদি এই পণ্যগুলো আমদানি করে, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই উপকৃত হবে।”