বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছিল।


মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে তালিকাটি প্রচারিত হয়েছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রকাশ করেছেন। তবে ওই তালিকার বেশিরভাগ চুক্তিই বাস্তবে ছিল না। কেবল একটি চুক্তিই বাতিল হয়েছে—ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই’র সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।”


তিনি আরও জানান, ভারতের সঙ্গে বিদ্যমান কিছু চুক্তি ও প্রকল্প পর্যালোচনার প্রক্রিয়া এখনো চলছে।


এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে এবং বাকি চুক্তিগুলোও পুনর্বিবেচনাধীন।


তিনি যে তালিকা প্রকাশ করেন, তাতে ছিল—ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দর ব্যবহারে সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং জিআরএসইর টাগবোট সরবরাহ চুক্তি।


তবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এ তালিকার তথ্য অধিকাংশই অসত্য এবং সরকার এখনো ভারতের সঙ্গে চুক্তিগুলো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।