বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
বগুড়ায় এক বছর চার মাসেরও বেশি সময় পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আরাফ। মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাবেক নারী এমপি ডরোথী রহমান, সাবেক এমপি খাদিজা খাতুন শেফালি, সাবেক এমপি প্রার্থী শাহাজাদি আলম লিপি, চিকিৎসক ডা. সামির হোসেন মিশু ও ডা. শাফি মহায়মেন, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফি নেওয়াজ খান রবিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নামও রয়েছে।
মামলার বাদী আরাফ অভিযোগে বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন। মিছিলটি দত্তবাড়ি বড়গোলা সড়কে পৌঁছালে আসামিরা আগে থেকে অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি ও আরও অনেকে গুরুতর আহত হন, এবং তার শরীরে ৪৩টি গুলি লাগে বলে দাবি করেন।
আরাফ আরও জানান, হামলার পর তাকে হাসপাতালে ভর্তি হতে বাধা দেওয়া হয়। পরে সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
বর্তমানে মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।