নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে দেশের অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অব্যাহতভাবে অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার। এছাড়া এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, আনসার ব্যাটালিয়ন নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সাহায্য করবে।