ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন — নির্বাচন কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়।’
নির্বাচন কমিশনার বলেন,
“সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে নানা প্রোপাগান্ডা ছড়ানো হলেও চিন্তার কিছু নেই। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনেই প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, দেশের ভালো-মন্দ অনেকাংশে নির্ভর করে দায়িত্বশীল নির্বাচন পরিচালনার ওপর।
“প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যদি দায়িত্বশীলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়, তবে কোনো জেলাতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে বাধা থাকবে না।”
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
এই কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।