ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ
ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হিসেবে অটোমেটেড ভূমিসেবাকে চিহ্নিত করেছেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন সহজে, দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। ঘরে বসেই অনলাইনে ভূমিসেবা গ্রহণ করা যাচ্ছে, যা দেশের ভূমি ব্যবস্থাপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটার ল্যাবে ‘মনোনীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের চারটি জেলা এবং খুলনা বিভাগের একটি জেলার কর্মকর্তা-কর্মচারীদের টিওটি (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কুষ্টিয়া) প্রশিক্ষণ’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থেকে শুরু করে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সিনিয়র সচিব বলেন, ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। তাই ভূমির যথাযথ ব্যবস্থাপনা ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত দায়িত্ব। তিনি আরও বলেন, “নাগরিকরা যেন দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা পান, সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল হয়েছে। নাগরিকরা ঘরে বসে অনলাইনে সেবা নিতে পারছেন এবং প্রতিটি জেলায় নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।