বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সারাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সারাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

favicon
অনলাইন সংস্করণ
সারাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দিনটি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো।


১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করে। সেই সময়ের অরাজকতা ও অনিশ্চয়তার পর নতুন রাজনৈতিক সূচনা ঘটে, যা দেশকে ভিন্ন পরিচয়ে এগিয়ে নেওয়ার পথ তৈরি করে।


সেদিন সেনানিবাসে গৃহবন্দি ছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চেইন অব কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করলে সিপাহী-জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠে এক ঐতিহাসিক আন্দোলন।


সেই আন্দোলনের মধ্য দিয়েই জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন, যা পরবর্তীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ইতিহাসে স্থান পায়।


বিএনপির কর্মসূচি


দিবসটি উপলক্ষে বিএনপি ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারাদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।


সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।


বিকেল ৩টায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন দলের মহাসচিব।


এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।


দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।