দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।
তিনি বলেন,
“দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।”
এর আগে তিনি অভিযোগ করেন, শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচির সময় পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
“আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। কারও হাতে-পায়ে, পেটে রাবার বুলেট ঢুকেছে। একজন শিক্ষক পিজি হাসপাতালে ভর্তি, তার কপালের পাশে রাবার বুলেট লেগেছে,” —বলেন শামসুদ্দিন মাসুদ।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকরা ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করেন এবং শাহবাগের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।