শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জাতীয় ঈদগাহ মাঠ এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশপথে তল্লাশি ও টহল জোরদার করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা।
এর আগে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নিরাপত্তাজনিত কারণে জাতীয় ঈদগাহ মাঠ এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল অফিস ও বার ভবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
পুলিশ জানায়, শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে নাশকতা ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। ১৩ নভেম্বরের জন্য হরতালের ডাকও দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।