ঢাকায় অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেফতার, নিরাপত্তা জোরদার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা হয়েছে এবং ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগকে ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা—সহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বরের সম্ভাব্য কোনো অস্থিরতা নিয়ে উদ্বেগ নেই; নিরাপত্তা আরও বাড়ানো হবে। তিনি এও মন্তব্য করেন যে, আইনজীবীরা আদালতে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন না।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার। এ উপলক্ষে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং রাজধানীর প্রধান সড়কে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরও অবস্থান লক্ষ্য করা গেছে।