অবশেষে প্রেমের স্বীকারোক্তি! রাশমিকা-বিজয়ের ভালোবাসা প্রকাশ্যে, শোনা যাচ্ছে বিয়ের ঘণ্টা
দীর্ঘ আট বছর ধরে গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে। বারবার তাদের প্রেমের খবর শোনা গেলেও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনই। তবে অবশেষে সেই নীরবতা ভাঙল হায়দারাবাদে।
সম্প্রতি ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা। সবার সামনেই রাশমিকার হাতে চুম্বন করেন বিজয় দেবেরাকোন্ডা। লাজুক হাসি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বিজয়কে উদ্দেশ করে প্রেমের কথা বলেন রাশমিকা।
অভিনেত্রী বলেন, “প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ।”
‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির শুরু থেকেই বিজয়ের সহযোগিতার কথা উল্লেখ করে রাশমিকা আরও বলেন, “বিজু, তুমি প্রথম দিন থেকেই এই ছবির সঙ্গে যুক্ত ছিলে। এখন সাফল্যের অংশ হয়েও পাশে আছো। তুমি মন থেকে এই যাত্রায় থেকেছো।”
বিয়ের গুঞ্জনের মধ্যেই তাদের এই প্রকাশ্য ভালোবাসার মুহূর্ত এখন পুরো সিনেদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। বলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।