বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আওয়ামী লীগ এখন ‘ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল’— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য

আওয়ামী লীগ এখন ‘ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল’— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য

favicon
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ এখন ‘ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল’— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ এখন একটি ফেসবুকনির্ভর প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠ পর্যায়ে প্রকৃত সাংগঠনিক শক্তি খুবই সীমিত। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।


তিনি লিখেছেন, সাম্প্রতিক তিনটি ঘটনায় তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বরং দেশের সাম্প্রতিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন।

শফিকুল আলম জানান, বিএনপির মনোনয়ন ঘোষণার সময় কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি— যা অনেকের আশঙ্কার বিপরীত। ধারণা ছিল, দলটির ভেতরে ব্যাপক বিদ্রোহ, সংঘর্ষ ও বিক্ষোভ দেখা দিতে পারে। কিন্তু অল্প কিছু ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তার মতে, এটি বিএনপির সুপরিকল্পিত প্রস্তুতি ও গ্রহণযোগ্য মনোনয়ন প্রক্রিয়ার প্রমাণ।

তিনি বলেন, এর ফলে প্রচারণা ও নির্বাচনের সময় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষের সম্ভাবনা খুবই কম।


শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আওয়ামী লীগের প্রকৃত সক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ করেছে। তিনি দাবি করেন, দলটি এখন মাঠের সাংগঠনিক শক্তি হারিয়েছে এবং বরং নির্ভর করছে ক্ষুদ্র ভাড়াটে দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর— যারা ফাঁকা বাসে আগুন দেওয়া, ‘ঝটিকা মিছিল’ করা বা সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো কার্যক্রমে জড়িত।


তার মন্তব্যে উঠে আসে, আওয়ামী লীগের তৃণমূল সংগঠন হয় ভেঙে পড়েছে, নয়তো প্রতিদ্বন্দ্বী দলগুলোর দ্বারা দুর্বল হয়ে গেছে। তাই তাদের দ্বারা কোনো বড় ধরনের অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা তিনি খুবই কম বলে মনে করেন।



পোস্টে তিনি আরও লেখেন, পুলিশ, নিরাপত্তাবাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আগের চেয়ে বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। সাম্প্রতিক স্থিতিশীল পরিস্থিতি তারই ইঙ্গিত। নির্বাচন তদারকির দায়িত্ব দক্ষ কর্মকর্তাদের হাতে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তার বিশ্বাস, তারা জাতির প্রত্যাশিত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।