বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি দখল ও ফ্ল্যাট লিজ অনিয়মে ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি দখল ও ফ্ল্যাট লিজ অনিয়মে ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি দখল ও ফ্ল্যাট লিজ অনিয়মে ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণ করা জমি অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।


মামলায় অভিযোগ আনা হয়েছে যে, প্রকল্প-সংলগ্ন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে অধিগ্রহণ করা জমি পরবর্তীতে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণে ব্যবহার করা হয় এবং এসব ফ্ল্যাট দীর্ঘমেয়াদি লিজ দেওয়া হয়। যা সরকারি সম্পদ অপব্যবহার ও ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে দুর্নীতির শামিল।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ এবং সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।


এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজকেও অভিযুক্ত করা হয়েছে।


তালিকায় আরও আছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।


দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।